ঘিওরের নয়াচর ব্রিজের গোড়ায় মাটি নেই

সড়ক বেহাল , দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

ঘিওরে নয়াচর-নবগ্রাম সড়কের বেড়িবাঁধ খালে নির্মিত ব্রিজটির গোড়া থেকে মাটি সরে গেছে এবং ব্রিজের একপাশের পাখা ভেঙে যাওয়ায় জনসাধারণের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।

প্রতিদিন অন্তত ১৫টি গ্রাম : রামদিয়া, গোয়ালডাঙ্গি, করচাবাধা, নয়াচর ,নালী, গাংডুবি, তারাইল, কাকজোর, বানিয়াজুরি, নবগ্রাম, বারইল, নয়াকান্দি, সরপাই, বাঠুইমুড়ি, ঘিওরের মানুষ এ মাটির কাঁচা সড়ক ও ব্রিজ দিয়ে যাতায়াত করে থাকে। বিশেষ করে নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল হালিম দাখিল মাদ্রাসা ও অফিস আদালতসহ বিভিন্ন জায়গার কলেজের শিক্ষার্থীদের যাতায়াতসহ মালবাহী গাড়ি ব্রিজে উঠতে ও নামতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। একটু বৃষ্টি হলেই ব্রিজের গোড়ায় থেকে মাটির সড়কে হাঁটু পানি, কাদা জমে স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় এবং কাদায় পোশাক নষ্ট হয়ে যায়। বানিয়াজুরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চতু বলেন, ‘রামদিয়া এলাকায় ব্রিজের গোড়ার মাটি এবং রামদিয়া এলাকার সড়কটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।  এলাকার জনগণের পণ্য পরিবহন ও চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি দ্রুত মেরামত করা প্রয়োজন। পরবর্তী বাজেটে প্রকল্প তৈরি করে মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. সাজ্জাকুর রহমান বলেন, নয়াচর-নবগ্রাম সংযোগ সড়কে বেড়িবাঁধ খালে মানিক মিয়ার বাড়ির কাছে ২৪.০০ মি: আরসিসি ফুট নির্মিত ব্রিজটি মেরামত ও রামদিয়া এলাকার সড়কটি আইডিভুক্ত না থাকায় এবারের প্রকল্পের বাজেটে নাম অন্তর্ভুক্ত করা যায়নি। উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে পরবর্তিতে বাজেট এলে ব্রিজ ও সড়কটি দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।