কুমিল্লার ঘটনা সরকারের পরিকল্পিত : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ তার গণতন্ত্রহীনতা ও জবরদস্তি করে ক্ষমতা দখলের ইমেজ থেকে বেরিয়ে বিশ্বে ভাবমূর্তি ভালো করতে কুমিল্লায় কোরআন অবমাননা ও শহরের বিভিন্ন মণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। সরকার দেখাতে চাই, এ দেশে সাম্প্রদায়িক দ্বন্দ্ব যা-ই হোক, আমরা কঠোর হস্তে দমন করতে পারি। ঘটনার পর থেকে প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীরা তাই বলছেন। তার মানেই হলো, কুমিল্লার ঘটনা সরকারের পরিকল্পিত, সাজানো। আমাদের ইতিহাস ঐতিহ্য হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির। আমাদের দৃঢ় বন্ধন আমরা বজায় রাখব। এই সরকারের উসকানির মুখে কেউ কোনো প্রতিক্রিয়া দেখাব না। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় দলের উদ্যোগে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই মানববন্ধন হয়।

রিজভী বলেন, এশিয়ার মধ্যে চালের দাম এখন সবচেয়ে বেশি বাংলাদেশ। পেঁয়াজ, মরিচ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু-হু করে বাড়ছে। গ্যাসের দাম বাড়ানো হয়েছে। পানির দাম বাড়ানো হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের নিয়ন্ত্রণের কথা দূরে থাক, সিন্ডিকেট করে তারা দাম বাড়াচ্ছে। গণতন্ত্র নেই। ভোটের অধিকার নেই। এ বিষয় থেকে জনগণের দৃষ্টি সরাতে কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি এহসানুল হক হুদার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, জাগপার খন্দকার লুত্ফর রহমান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।