আজ বিশ্ব খাদ্য দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো, ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যত্—ভালো উত্পাদনে ভালো পুষ্টি, আর ভালো পরিবেশেই উন্নত জীবন’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদ্যাপিত হচ্ছে।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেছেন, জাতির পিতার পথ ধরেই গ্রামীণ ও কৃষি উন্নয়নের মাধ্যমে উন্নত, সুখী ও সমৃদ্ধিশালী সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের যুগোপযোগী নীতি ও পদক্ষেপে দেশ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ফল, সবজির উত্পাদন অনেকগুণ বেড়েছে। দেশের অভ্যন্তরীণ জলাশয়ে উত্পাদিত মাছ এবং মাংস উত্পাদনে দেশের চাহিদা পূরণে সক্ষমতা অর্জিত হয়েছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষিকে লাভজনক করতে কৃষি যান্ত্রিকীকরণে উন্নয়ন সহায়তা প্রদান করা হচ্ছে।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সরকারের এসব উদ্যোগ দেশের কৃষি উত্পাদনকে আরো বেগবান করার পাশাপাশি নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে সহায়ক হবে। ভবিষ্যত্ মানুষের জন্য নিরাপদ, পুষ্টিকর খাদ্যের জোগান নিশ্চিত করতে অপচয় কমিয়ে সুষম পুষ্টিকর খাবারের অভ্যাস গড়ে তুলতে হবে।
দিবসটি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, সরকার মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বর্তমানে আমাদের মোট খাদ্যশস্য উত্পাদন বেড়ে ৪ কোটি ৫৩ লাখ ৪৩ হাজার মেট্রিকটন হয়েছে। তিনি বলেন, কৃষির উন্নয়নে আমরা কৃষকদের জন্য সার, ডিজেল, বিদ্যুত্ ও কৃষি যান্ত্রিকীকরণে আর্থিক সহায়তা প্রদান এবং কৃষি প্রণোদনা, কৃষি পুনর্বাসন, কৃষিঋণ, কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ, ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ই-কৃষির প্রবর্তন, জলবায়ু ও ঝুঁকি সহনশীল ফসলের জাত-প্রযুক্তি উদ্ভাবন ইত্যাদির ব্যবস্থা করেছি। কৃষি শিক্ষা-গবেষণা খাতে আরো বরাদ্দ বৃদ্ধি করেছি। যার ধারাবাহিকতায় খোরপোশের কৃষি আজ বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হচ্ছে।
দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে গতকাল শুক্রবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে দিবসটির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়।
আজ শনিবার দিবসটি উপলক্ষ্যে সকালে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে। এ সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন।