যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা উঠছে ৮ নভেম্বর

করোনা ভাইরাসের দুই ডোজ টিকা নেওয়া থাকলে আগামী ৮ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন বিদেশি দর্শনার্থীরা। আপাতত ৩৩ টি দেশের দর্শনার্থীরা এই সুবিধা পাবেন। গতকাল শুক্রবার হোয়াইট হাউজের  সহকারী প্রেস সেক্রেটারি কেভিন মুনোজ এক টুইট বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন ভ্রমণ নীতি আগামী ৮ নভেম্বর থেকে শুরু হবে। এ ঘোষণা ও তারিখ আন্তর্জাতিক উড়োজাহাজ এবং স্থলপথে ভ্রমণ-উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘সিডিসি ইতোমধ্যেই এয়ারলাইন্সগুলোকে জানিয়ে দিয়েছে, এফডিএ অনুমোদিত অথবা জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত সব টিকা উড়োজাহাজ ভ্রমণের জন্য গৃহীত হবে।’ স্থল পথে ভ্রমণের ক্ষেত্রে একই নিয়ম থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। হোয়াইট হাউজ ঘোষিত নতুন নির্দেশনায় বলা হয়েছে, ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষায় যাদের নেগেটিভ ফলাফল এসেছে তারাই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৮ নভেম্বর থেকে ফ্রান্স, জার্মানি, ইতালিসহ ইউরোপের শেনজেন অঞ্চলের ২৬টি দেশ এবং ব্রিটেন, আয়ারল্যান্ড, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান ও ব্রাজিলের পূর্ণডোজ গ্রহীতা পর্যটকরা যুক্তরাষ্ট্র ভ্রমণে যেতে পারবেন। -সিএনএন ও রয়টার্স