বিএনপির লক্ষ্মীপুর জেলা কমিটি গঠন

লক্ষ্মীপুর জেলা কমিটি বিলুপ্তের দীর্ঘ আড়াই বছর পর গতকাল শুক্রবার আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়েছে বিএনপি। ঘোষিত কমিটিতে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে আহ্বায়ক, অ্যাডভোকেট হাসিবুর রহমানকে ১নং যুগ্ম আহবায়ক এবং সাহাবুদ্দিন সাবুকে সদস্য সচিব করা হয়েছে। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

]কমিটির অন্য সদস্যরা হলেন -আবুল খায়ের ভূঁইয়া, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম সিরাজ, মনিরুল ইসলাম হাওলাদার, এ্যাড. হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, এ বি এম জিলানি, এ্যাড. হারুনুর রশীদ বেপারী, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ , নাজমুল ইসলাম মিঠু, সাহেদ আলী পটু, মাহাবুবুর রহমান লিটন, অধ্যাপক নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন বাচ্চু, জাকির হোসেন মোল্লা, ভিপি আব্দুর রহিম, গোলাম কাদের, ডা. জামাল উদ্দিন, নুরুল হুদা চৌধুরী, আব্দুজ জাহের মিজি, আল আমিন, মিয়া আলমগীর, আব্দুল করিম ভূঁইয়া মিজান, কামরুজ্জামান সোহেল, শেখ মাহবুবুর রহমান বাহার, তোফায়েল আহমেদ, সাবেরা আনোয়ার, হোসনে আরা বাশার ও ফারজানা মজুমদার জনি।

২০১০ সালের ২৮ অক্টোবর সম্মেলনের মাধ্যমে আবুল খায়ের ভূঁইয়া সভাপতি ও সাহাবুদ্দিন সাবুকে সাধারণ সম্পাদক করা হয়। এই কমিটি ২০১৯ সালের ১০ এপ্রিল কেন্দ্রীয় দপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিলুপ্ত করা হয়। বিজ্ঞপ্তিতে ঐ বছরের ৩০ এপ্রিলের মধ্যে কমিটি করার ঘোষণা দেওয়া হয়েছিল। দলীয় সূত্রে জানা যায়, এর মধ্যে লক্ষ্মীপুর জেলা বিএনপির কমিটি গঠন নিয়ে বিভিন্ন সময়ে দলের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু ফল আসেনি। সর্বশেষ দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে দায়িত্ব দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সম্প্রতি লক্ষ্মীপুর জেলার সাংগঠনিক বিভিন্ন থানার নেতাদের নিয়ে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকও করেন। সেখানে গোপনে সবার মতামত নেওয়া হয়।