অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও কথাশিল্পী রুবাইদা গুলশানের ছোটগল্পের বই ‘অরণ্যের গুঞ্জন’। ছোট ছোট ১৭টি গল্পের সমন্বয়ে রচিত বইটি।
বইটি সম্পর্কে রুবাইদা গুলশান বলেন, ‘অরণ্যের গুঞ্জন’ ছোট ছোট ১৭টি গল্পের সমন্বয়। বলব না প্রতিটা গল্পই পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে তবে এটুকু বলতে পারি একটু হলেও ভালো লাগবে। হামিং বার্ডের দেখার মত ভালোলাগার রেশ রয়ে যাবে পাঠকের মনে ইনশাআল্লাহ্।’
বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। বইমেলার ৩৮৮-৩৮৯ নং স্টলে পাওয়া যাবে ‘অরণ্যের গুঞ্জন’। বইটির মূল্য ১৫০ টাকা।
রুবাইদা গুলশানের জন্ম ঠাকুরগাঁওয়ে। পৈতৃক নিবাস যশোর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ হতে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন রুবাইদা গুলশান। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে কর্মরত তিনি। স্বামী গোলাম সরোয়ার একজন চিকিৎসক।
এছাড়াও অমর একুশে বইমেলা ২০১৬-তে রুবাইদা গুলশানের উপন্যাস ‘অন্তরালে বর্ণফুল’ প্রকাশিত হয়। ২০১৭ সালে বের হয় কবিতার বই ‘বিভ্রমে নীলাম্বরী’। ২০১৮ সালে প্রকাশিত হয় গল্প গ্রন্থ ‘সেফটিপিন’। গ্রন্থটির জন্য তিনি গত বছর নজরুল একাডেমি কর্তৃক ‘শেখ ফজলল করীম’ সাহিত্য সম্মাননা পেয়েছেন।
ইত্তেফাক/কেআই