দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
দোহার উপজেলার পদ্মা নদীর তীরবর্তী মধুরচর কাজিরচর এলাকায় মা-ইলিশ সংরক্ষণ ও কারেন্ট জাল মজুদ্দারদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। শুক্রবার গভীর রাত থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত এ অভিযান চলে। এ সময় ৫ লাখ মিটার অবৈধ কারেন্টজাল ও এক মণ মা-ইলিশ জব্দ এবং ইলিশ ধরার অপরাধে পাঁচ জেলে ও দুই ক্রেতাকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম ফিরোজ মাহমুদ এবং দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মা-ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়। অভিযানে আটক পাঁচ জনকে এক বছরের কারাদণ্ড এবং দুই ক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পলাতক দুই আসামির বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মত্স্য অধিদপ্তর র্যাব-১১ দোহার থানা ও নৌপুলিশ। নির্ধারিত তারিখ পর্যন্ত এ অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।