সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ঘর দিতে পেরে আমি গর্বিত। তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধারা দেশের সূর্যসন্তান। আমার পিতাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করে সম্মানী ভাতা চালু ও পুনর্বাসনের জন্য ঘর দিচ্ছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলা দরবার হলে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের ঘরের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান প্রমুখ। এর আগে সকালে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের আলী হোসেনের ডাঙ্গী গ্রামের আ. লতিফ মাস্টারের বাড়িতে এক উঠান বৈঠকে অংশ নেন এমপি নিক্সন চৌধুরী। পরে তিনি আলী হোসেনের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জয় বাংলা হাট পর্যন্ত রাস্তা পরিদর্শন করে কার্পেটিং করার আশ্বাস দেন।