ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আর জে টাওয়ার অ্যান্ড রিসোর্টের বারে অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪। শুক্রবার রাত দেড়টার দিকে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার সকাল ১১টায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিদেশি ১২০ বোতল হুইস্কি, ৭৪৯ বোতল ভটকা ও ৩ হাজার ৯৮০ বোতল বিয়ার জব্দ করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেছে র্যাব।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত র্যাব সদস্যরা আশুগঞ্জের আর জে টাওয়ারে অভিযান চালায়। এ সময় লাইসেন্স ছাড়া মদ ও বিয়ার কেনাবেচার অভিযোগে বারের ম্যানেজারসহ ৩৯ জনকে গ্রেফতার করা হয়।