স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে কিশোরী শ্রমিককে ধর্ষণচেষ্টা মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে হারাগাছ এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কাউনিয়া উপজেলার পূর্ব মিয়া পাড়ার হাফিজুল ইসলাম (৩৫), সোনারগাঁও নওহাটি এলাকার ঝন্টু মিয়া (২৭) ও ফরিয়াটারি এলাকার নাজমুল হোসেন (৩০)। রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি শওকত আলী সরকার বলেন, জুট মিলে কাজ করা এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।