স্বামী আটক
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট শহরের আবাসিক হোটেল বিলাশ থেকে শনিবার দুপুরে এক পোশাক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নাজমা ওরফে নাসিমা (৩৩)। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রীবেনি দক্ষিণপাড়া গ্রামের ওয়ালিদ মিয়ার মেয়ে। এ ঘটনায় নাসিমার স্বামী রবিউল ইসলাম রুবেলকে (২৪) পুলিশ আটক করেছে।
বাগেরহাট মডেল থানার এসআই দেলোয়ার হোসেন পিপিএম জানান, হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় ঐ হোটেলে থাকা নাসিমার স্বামী রবিউল ইসলাম রুবেলকে আটক করা হয়েছে। রুবেলের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার তারা এই হোটেলে ওঠে। শনিবার সকালে নাস্তা আনার জন্য রুবেল বাইরে যায়। পরে নাস্তা নিয়ে ফিরে এসে রুমের দরজা বন্ধ পায়। কিছু সময় অপেক্ষার পর বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানায়। হোটেল কর্তৃপক্ষ ভেতরে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়।
বিলাশ হোটেলের ম্যানেজার হুমায়ুন কবির জানান, ঐ দম্পতি এর আগেও তাদের হোটেলে দুই বার এসে থেকেছে। শুক্রবার তারা এসে হোটেলের ২ নম্বর কক্ষে ওঠে।
বাগেরহাট মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান, হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ সময় ঐ নারীর স্বামীকে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এসে মামলা করবে।