স্পোর্টস ডেস্ক
অবশেষে রাহুল দ্রাবিড়কে মানাতে সফল হলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রবি শাস্ত্রীর পর কিংবদন্তি এই ক্রিকেটারের হাতেই জাতীয় দলের প্রধান কোচের ভার তুলে দেবে তারা। আনুষ্ঠানিকভাবে অবশ্য কিছুই জানায়নি বিসিসিআই। তবে তাদেরই এক সূত্রের বরাত দিয়ে খবরটা নিশ্চিত বলেই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। গত মাসে ইংল্যান্ড সফরে শেষদিকে পদত্যাগের কথা জানিয়েছিলেন রবি শাস্ত্রী। প্রধান কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপই হবে তার শেষ অ্যাসাইনমেন্ট। শাস্ত্রীর এমন সিদ্ধান্তের পর কোচ খোঁজা শুরু করে দেয় বিসিসিআই। শুরুতে সাবেক প্রধান কোচ অনিল কুম্বলের নাম শোনা গেলেও কিছুদিন আগেই ভারতীয় গণমাধ্যমে আলোচনায় উঠে আসেন দ্রাবিড়। প্রথমে অবশ্য তার মন গলাতে পারেনি বিসিসিআই। তবে দুবাইয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহের সঙ্গে এক বৈঠকের পর কেটে যায় অনিশ্চয়তা। দুই বছরের চুক্তিতে কোচ হিসেবে বাত্সরিক ১০ কোটি রুপি পাবেন (সাড়ে ১১ কোটি টাকা) দ্রাবিড়। জাতীয় দলের কোচ হিসেবে কয়েক মাস আগেই শ্রীলঙ্কা সফরে সাময়িক কাজ করেছেন তিনি। তবে তার মূল কাজটা জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে। সে পদে আর থাকা হচ্ছে না তার।