নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন ঘটালেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৯তম ওভারের পঞ্চম বলে তার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (১১)। এর আগে দলীয় ১০৩ রানে হেনরি নিকলসকে বোল্ড করে ওপেনিং জুটি ভাঙেন মিরাজ। আউট হওয়ার আগে ৮০ বল থেকে ৫টি চারের মারে ৫৪ রান করেন নিকলস।
অপর ওপেনার মার্টিন গাপটিলের ব্যাটে অবশ্য ঝড় অব্যাহত আছে। এর মধ্যেই তিনি করেছেন ৭৫ রান। তার নতুন সঙ্গী রস টেলর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভারের খেলা শেষে কিউইদের সংগ্রহ দুই উইকেটে ১৪৫ রান।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বুধবার সকালে নেপিয়ারে টস জিতে শুরুতে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৩২ রান করে অলআউট হয় সফরকারী বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বলে কট বিহাইন্ড হয়ে দলীয় ৫ রানে আউট হন ওপেনার তামিম ইকবাল। আরেক ওপেনার লিটন দাস ব্যক্তিগত ১ রানে ম্যাট হেনরি বলে বোল্ড হন। স্কোর বোর্ডে দলীয় রান তখন ১৯।
আরও পড়ুন: আইসিসিআর স্কলারশিপে আবেদনের সময়সীমা বৃদ্ধি
তৃতীয় উইকেট জুটিতে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। তবে সেই চেষ্টাও ব্যর্থ হয়। দলীয় ৪২ রানে বোল্টের বলে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিক। আস্থার সঙ্গে ব্যাট করতে থাকা সৌম্য সরকারও ক্রিজে টিকতে পারেননি। ২২ বলে ৩০ রান করে সাজ ঘরে ফেরত যান তিনিও। স্কোর বোর্ডে রান সেই ৪২। দলকে বিপদে ফেলে ফিরে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৯ বলে ১৩ রান করে দলীয় ৭১ রানে ফিরে যান তিনি।
এরপর রান আউটে কাটা পড়ে সাব্বির রহমান। দলীয় ৯৪ রানে ব্যক্তিগত ১৩ রান করে ফিরে যান তিনি। দলীয় ১৩১ রানে ২৭ বলে ২৬ রান করে সপ্তম ব্যাটসম্যান আউট হন মেহেদি হাসান মিরাজ। এরপর জুটি বাঁধেন মিঠুন ও সাইফ। সবচেয়ে সফল এই জুটি ভাঙে দলীয় ২১৫ রানে। এ সময় ৪১ রান করে আউট হন সাইফ। পরে দলীয় ২২৯ রানে আউট হন মিঠুন। সবশেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন মুস্তাফিজ।
কিউই বোলারদের মধ্যে মিচেল সাঁটনার ও ট্রেন্ট বোল্ট তিনটি করে এবং লুকি ফার্গুসন ও ম্যাট হেনরি দুটি করে উইকেট নেন।
ইত্তেফাক/কেআই