চোটের কারণে নিউজিল্যান্ড সফরে মারুফাকে পাচ্ছে না বাংলাদেশ 

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৫:০১

আসন্ন নিউজিল্যান্ড সিরিজে পেসার মারুফা আক্তারকে পাচ্ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার পুরোনো ইনজুরি ফিরে এসেছে। তবে এবার আর ঝুঁকি নিতে চায় না বিসিবি। সুস্থ হয়েই তাকে মাঠে ফেরানোর পরিকল্পনা করছে। 

তিন টি-টোয়েন্টি এবং তিন ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল। ১০ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এই দ্বিপক্ষীয় লড়াই। তবে সেখানে মারুফা থাকছেন না তা প্রায় নিশ্চিত। বিসিবি সূত্র থেকে এমনটি জানা গিয়েছে। 

বিসিবির একজন কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘তার গোড়ালির ব্যথা আবারও ফিরে এসেছে। আমরা চাই না এমনটা আবার ঘটুক। তাই সে যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সময় পায়, সেই সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে কোনো ধরনের অস্বস্তি ছাড়াই যেন সে বোলিং করতে পারে, এই ব্যাপারটি নিশ্চিত করতে চাই। কারণ পুরোপুরি সুস্থ না হলে নিজের সামর্থ্য অনুযায়ী বোলিং করতে তার সমস্যা হবে।’

মারুফাকে নিয়ে বোর্ডের এই সতর্ক অবস্থানের কারণও স্পষ্ট। বাংলাদেশের পেস আক্রমণে তিনি গুরুত্বপূর্ণ একজন সদস্য। পুরোপুরি সেরে না উঠেই মাঠে ফিরলে চোট আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণেই নিউজিল্যান্ড সিরিজে তাকে না পাওয়ার সম্ভাবনা থাকলেও দীর্ঘ মেয়াদে তার সুস্থতাকেই গুরুত্ব দিচ্ছে বিসিবি।

ইত্তেফাক/জেডএইচ