সৌদির আরবের জাজান এলাকা লক্ষ্য করে ফের ড্রোন ছুঁড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। কিন্তু সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুতিদের ছোঁড়া ড্রোনটিকে আকাশেই ধ্বংস করেছে। সৌদি জোটের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি সৌদির বিভিন্ন এলাকায় বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ক্রমাগত বোমাভর্তি ড্রোন হামলা চালায় হুতিরা। শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ধারাবাহিকভাবে সাধারণ নাগরিকের বাড়ি-ঘর লক্ষ্য করে এমন হামলাকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করছে সৌদি। চলতি মাসের শুরুর দিকে সৌদির আভা ও জাজান এলাকায় ড্রোন হামলা চালায় হুতি বিদ্রোহীরা। বিদ্রোহী গোষ্ঠীর এমন কৌশলের কারণে সব দিকে থেকেই নিন্দার ঝড় ওঠে। ২০১৪ সালে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উত্খাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। ২০১৫ সালে ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। তবে তাদের এই অভিযানে ইয়েমেনের হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া ঘরবাড়ি হারিয়েছেন কয়েক লাখ মানুষ। জাতিসংঘের মতে, বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চলছে ইয়েমেনে। দেশটির ৮০ শতাংশ মানুষেরই জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন তারা।