কেউ ভোট না দিলে জোর করে দেওয়ানো হবে না :পরিকল্পনা মন্ত্রী

পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান বলেছেন, রেড ক্রিসেন্টের জন্য কিছু করতে পারা গর্বের ব্যাপার। এই সোসাইটির জন্য কাজ করলে কাজে লাগবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বিষয়ের দিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রীর সাহস আর অনুপ্রেরণা নিয়ে ভাটি অঞ্চলের মানুষের জন্য কাজ করছি। বাংলাদেশের সব সেক্টরে মতানৈক্য থাকলেও একমাত্র রেড ক্রিসেন্টকে আমি পেয়েছি সব সমালোচনার ঊর্ধ্বে থেকে এর সব কর্মকর্তা দেশ ও দশের জন্য কাজ করছেন।  শনিবার রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল এর কনফারেন্স হলে আয়োজিত এক সংবর্ধনার জবাবে তিনি এ কথাগুলো বলেন।

রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হকের সভাপতিত্বে ও ইউনিট সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিলের পরিচালনায়      প্রধান অতিথির বক্তব্যে সিলেটের কৃতী সন্তান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে স্মরণ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমি যখন ছোট মন্ত্রী ছিলাম, তখন তিনি ঐ দপ্তরের বড় মন্ত্রী। আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন। তিনি বলেন আমি যত দিন বেঁচে থাকব আমার এলাকার জন্য কাজ করে যাব? এলাকা বলতে শুধু সুনামগঞ্জ নয়, বৃহত্তর সিলেটের জন্যই কাজ করব।

রেড ক্রিসেন্টের উন্নয়ন নিয়ে মন্ত্রী বলেন, রেড ক্রিসেন্টের জন্য একটা টাকা ব্যয় করতে পারলে আমি নিজেকে গর্ববোধ মনে করব। রেড ক্রিসেন্টের উন্নয়নের ফাইল আটকাবে না। প্রধানমন্ত্রীর টেবিলেও তা আটকাবে না। কারণ এটি রেড ক্রিসেন্ট। রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ছয় তলা ভবন আর শিক্ষার্থীদের জন্য বাস ক্রয়ের ২৬ কোটি টাকা কোনো ব্যাপারই না। অর্থমন্ত্রী খুব ভালো মানুষ। আমি উনাকে বললে আশা করি তিনিও রেড ক্রিসেন্টের এই উন্নয়নে হ্যাঁ বলবেন।

আসন্ন ইউপি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, কেউ ভোট না দিলে তাকে জোর করে দেওয়ানো হবে না। কিন্তু নির্বাচনকে বাধাগ্রস্ত করা অন্যায় কাজ। কোনো অপশক্তিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রাকে থামাতে পারবে না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল আনোয়ার আলাওর।

কার্যকরী সদস্য মো. সোয়েব আহমদের কোরআন তেলাওয়াতে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সদস্য মজির উদ্দিন।