সারিয়াকান্দিতে যমুনায় গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সারিয়াকান্দিতে যমুনা নদীতে গোসল করার সময় পানিতে ডুবে দিনাজপুর মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোছাব্বির হোসেন ফাইম (২২) এর মৃত্যু হয়েছে। তিনি গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের হাতীবান্ধা গ্রামের ফজলুল করিমের ছেলে।

জানা গেছে, ফাইম তার খালাতো ভাই মোহাইমিনের সঙ্গে গত শুক্রবার সন্ধ্যায় সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে নানা আমজাদ হোসেন মণ্ডলের বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকাল ৮টার দিকে দিঘলকান্দি হার্ডপয়েন্ট (প্রেম যমুনা ঘাট) এর কাছে যমুনা নদীর একটি ডোবায় গোসল করার সময় পানিতে ডুবে মারা যায়। এলাকাবাসী কিছুক্ষণ পর তার লাশ উদ্ধার করে । স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।