রাজধানীর শ্যামপুর থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র?্যাব)। এরা হলেন, রানা ওরফে পিচ্চি রানা (৩২) ও মো. আকাশ (২০)। শুক্রবার দিবাগত রাতে র?্যাব-১০ এর একটি দল শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন, একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, গ্রেফতারকৃতরা পেশায় মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে শ্যামপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি অস্ত্র মামলা ও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।