সাংবাদিক সুরক্ষা আইনের দাবিতে মানববন্ধন

ভ্রাম্যমাণ প্রতিনিধি

সাংবাদিক সুরক্ষা আইনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। রবিবার সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ প্রমুখ। বক্তারা অপরাধী চক্রের হুমকি, হামলা, মামলা, হয়রানি থেকে সংবাদ কর্মীদের রক্ষায় ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানান। মানববন্ধন শেষে ১৪ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন তারা।