আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় করোনার সংক্রমণ কমলেও গত কয়েক সপ্তাহ ধরে আশঙ্কাজনকভাবে বাড়ছে জ্বর ও সর্দির প্রকোপ। বিশেষ করে পরিবারের ছোটো এবং বয়স্ক সদস্যদের মধ্যেই জ্বর ও সর্দির মাত্রাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রতিদিন জ্বর এবং সর্দির ৭০-৮০ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিত্সা নিয়ে যাচ্ছে। এছাড়াও জ্বরে আক্রান্ত হয়ে আট জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। উপজেলার বিভিন্ন পল্লি চিকিত্সকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন যেসব রোগী তাদের কাছ থেকে চিকিত্সা নিতে আসে তাদের ৯০ ভাগই জ্বর এবং সর্দিতে আক্রান্ত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিতে আসা এমরান বলেন, সপ্তাহ ধরে জ্বর, ফার্মেসি থেকে ওষুধ খেয়েছি তবুও কমছে না। তাই মেডিক্যালে ডাক্তার দেখাতে আসলাম। ফার্মেসিতে ওষুধ কিনতে আসা কায়সার বলেন, আমার পরিবারের পাঁচ সদস্যের মধ্যে আমি ছাড়া বাকি চার জনেরই জ্বর-সর্দি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা একেবারে শূন্যের কোটায় চলে এসেছে। তবে এখন উপজেলা জুড়ে জ্বর-সর্দিজনিত রোগের প্রকোপ বেড়েছে। আমরা সন্দেহজনক অনেককেই করোনা পরীক্ষা করাচ্ছি কিন্তু সবারই নেগেটিভ আসছে। এখন আবহাওয়া পরিবর্তনের কারণে সাধারণত এটা হচ্ছে।