চা বাজারজাতকরণে পঞ্চগড়ে অকশন মার্কেট স্থাপনের পরিকল্পনা করছে সরকার

পঞ্চগড় প্রতিনিধি

বাংলাদেশ চা-বোর্ডের  চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে দেশে ১৪০ মিলিয়ন মেট্রিক টন চা উত্পাদনের পরিকল্পনা করেছে সরকার। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির জন্য নানা উদ্যোগও নেওয়া হয়েছে। চা বাজারজাতকরণে দেশের দ্বিতীয় বৃহত্তম চা অঞ্চল পঞ্চগড়ে অকশন মার্কেট স্থাপনের পরিকল্পনাও করছে সরকার। চা উত্পাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র চা-চাষিদের সবধরনের সহযোগিতাসহ তাদের প্রশিক্ষণেরও আওতায় আনা হয়েছে। রবিবার তেঁতুলিয়া উপজেলার চায়ের গ্রাম পেদিয়া গজে ক্ষুদ্র চা-চাষিদের জন্য হাতেকলমে বৈজ্ঞানিক পদ্ধতিতে চা আবাদি ব্যস্থাপনা বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি ।

‘উন্নত জ্ঞান উন্নত চা’ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন এলাকায় ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল শিরোনামে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে বাংলাদেশ চা-বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়। এ উপলক্ষ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ চা-বোর্ডের পরিচালক ড. এ কে এম রফিকুল হক, পঞ্চগড় স্মল টি-গার্ডেন অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম খোকন, বাংলাদেশ চা-বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের প্রকল্প পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামিম আল মামুন, উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, পেদিয়াগজ গ্রাম চা-সমিতির সাধারণ সম্পাদক ঈমান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।