নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে করোনা ভ্যাকসিন নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তাদের সামলাতে হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষকে।
সরেজমিন দেখা গেছে, অন্যান্য দিনের মতো রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৯টায় শুরু হয়েছে নিয়মিত টিকাদান কার্যক্রম। এদিন সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের ভ্যাকসিন নিতে আগ্রহী মানুষ আসতে থাকে। ভিড় জমে হাসপাতাল চত্বরে। তাদের সামলাতে সহযোগিতা নেওয়া হয় পুলিশ প্রশাসনের। লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয় মানুষকে। হাসপাতাল চত্বর থেকে তাদের দীর্ঘ সারি গিয়ে ঠেকেছে উপজেলা ক্রীড়া সংস্থার বারান্দা পর্যন্ত। গত কয়েক দিন ধরে এভাবেই মানুষ হাসপাতালে আসছেন করোনার ভ্যাকসিন নিতে। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, এ পর্যন্ত করোনা ভ্যাকসিনের আওতায় এসেছে উপজেলার প্রায় ৯০ হাজার মানুষ। এটি চলমান থাকবে।