গতকাল রবিবার থেকে প্রথম বারের মতো একযোগে শুরু হয়েছে জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা। এর ফলে একটি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের মেধাক্রম ও পছন্দ অনুযায়ী ২০ বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটিতে ভর্তি হতে পারবেন। এতে শিক্ষার্থী-অভিভাবকদের দুর্ভোগ অনেকাংশেই কমেছে। এছাড়া পরীক্ষার্থীদের উপস্থিতিও ছিল আশাব্যাঞ্জক।
গতকাল প্রথম দিন বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা হয়, তাতে ২৮টি কেন্দ্রে অংশ নেন ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। এক ঘণ্টার ভর্তি পরীক্ষায় তাদের ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়েছে। এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকাশিত হবে মেধাতালিকা। গুচ্ছে থাকা বিশ্ববিদ্যালয়গুলো সেই মেধাতালিকা থেকে নিজেদের শর্ত পূরণ সাপেক্ষে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করবে।