ঈশ্বরদী পৌর যুবলীগের ৯ নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক শাহীন ওরফে রুটি শাহীনের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার দিকে শহরের আলহাজ মোড় বাঁশের হাটে শাহীনকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় শাহীনের বুকে দুটি এবং হাতে একটি গুলি বিদ্ধ হয়। শাহীন বর্তমানে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তিনি ঈশ্বরদীর ইস্তা এলাকার আব্দুর রশীদের ছেলে।
জানা গেছে, শাহীন বাঁশের হাটে ইজারার খাজনা আদায়কারী। বাঁশের হাটে রমজানের গাড়ি সার্ভিসিংয়ের পাশে হেলমেট ও মুখে মাস্ক পরা এক ব্যক্তি পর পর তিনটি গুলি ছোড়ে। গুলির শব্দে ও শাহীনের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে ঐ দুর্বৃত্ত দৌড়ে আলহাজ মিলের পরিত্যক্ত কোয়ার্টারের পেছন দিয়ে পালিয়ে যায়।
এদিকে এ ঘটনার প্রতিবাদে গতকাল রবিবার ঈশ্বরদী আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা ও পৌর যুবলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।