স্পোর্টস রিপোর্টার
এত বড় পরিসরে আগে কখনো গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট হয়নি। একসঙ্গে ৩২ জন গ্র্যান্ডমাস্টার অংশ নিতে যাচ্ছেন আগামীকাল থেকে মতিঝিলের পূর্বানী হোটেলে শুরু হতে যাওয়া দাবার বড় টুর্নামেন্টে।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে এই টুর্নামেন্ট হবে। এখানে খেলতে ঢাকায় এসেছেন ২৬০০ রেটিংয়ে থাকা ডাচ দাবাড়ু সার্গেই তিভিয়াকভ। সার্গেই তিভিয়াকভ বললেন, ‘বাংলাদেশে আমি প্রথম এসেছিলাম ১৯৯৮ সালে। ২০১৪ সালে জাতীয় দলের কোচ হিসেবে এসেছিলাম। এরপর আর আসিনি। এখন দ্রুত এ দেশের দাবায় উন্নতি হচ্ছে। টানা চারটি টুর্নামেন্ট আয়োজন করেছে। সারা বিশ্ব থেকে অনেক গ্র্যান্ডমাস্টার আসছেন এখানে। বাংলাদেশ থেকে উদীয়মান অনেক খেলোয়াড় উঠে আসবেন এই টুর্নামেন্টে। এটা খুব ভালো উদ্যোগ।’ ৩২ পুরুষ গ্র্যান্ডমাস্টারের সঙ্গে রয়েছেন এক জন মহিলা গ্র্যান্ডমাস্টার।