হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বিল ক্লিনটন

প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিত্সা নিয়ে বাড়ি ফিরলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। গতকাল রবিবার তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার আরভিন মেডিক্যাল সেন্টার থেকে ছাড়া পেয়ে নিউ ইয়র্কে যান। তার মুখপাত্র গতকাল রবিবার এই তথ্য জানিয়েছেন। এ সময় তার স্ত্রী ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও সঙ্গে ছিলেন। খবর সিএনবিসির

৭৫ বছর বয়সী বিল ক্লিনটন গত মঙ্গলবার প্রস্রাবের ইনফেকশন নিয়ে আরভিন মেডিক্যাল সেন্টারে ভর্তি হয়েছিলেন। বিল ক্লিনটনের চিকিত্সার দায়িত্বে থাকা ডা: আলপেশ আমিন বলেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের জ্বর ও রক্তের শ্বেতকনিকা স্বাভাবিক অবস্থায় আছে। তাকে এখন বাড়ি থেকে চিকিত্সা নিতে হবে। তবে আমরা তাকে সার্বক্ষনিক পর্যবেক্ষণে রাখবো। হাসপাতাল থেকে বের হওয়ার সময় বিল ক্লিনটন হাসপাতালের চিকিত্সক, নার্স ও অন্যান্য সব কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। ১৯৯৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন বিল ক্লিনটন। হোয়াইট হাউজ ছাড়ার পর কয়েকবার হার্টে সমস্যা হয়েছিল সাবেক এই প্রেসিডেন্টের।