জনপ্রিয় সঙ্গীত তারকা ও অভিনেতা তাহসান খান। ক্যারিয়ারটা শুরু করেছিলেন গান দিয়ে। ব্ল্যাক ব্যান্ডের ভোকাল হিসেবে যাত্রা শুরু করেই সফলতা অর্জন করেন তিনি। এর পাশাপাশি সেসময় থেকেই মডেলিং ও অভিনয় করেন। তবে গত কয়েকবছর ধরে গানের পাশাপাশি অভিনয় নিয়মিত চালিয়ে যাচ্ছেন তাহসান। উত্সব-পার্বণে তাহসানের গান মানেই শ্রোতা-দর্শকদের কাছে অন্যরকম কিছু। ভালোবাসা দিবসকে সামনে রেখে এই তারকা নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। গানের শিরোনাম ‘তুমিময় লাগে’। মাহমুদ মানজুর ও তাহসান শুভর কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। গানের একটি ছোট্ট অংশে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পাওয়ার ভয়েজ তারকা কর্নিয়া। গানটির দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করেছেন ফুয়াদ নাসের। ভিডিওতে তাহসান খানের সাথে জুটি বেঁধেছেন সুচিতা। তাহসান বলেন, ‘ভালোবাসা দিবসের বেশকিছু কাজ শেষ করলাম। উত্সবটি নিয়ে যতগুলো কাজ করেছি তুমিময় লাগে গানটি অন্য গানগুলো থেকে বেশ ভিন্ন আঙ্গিকে করা। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।’