একসময় গ্রামে অনেক কাঠবিড়ালি দেখা যেত। এখন সারা দেশেই এই গেছো স্তন্যপায়ী প্রাণীটির সংখ্যা কমে এসেছে। দেখতে বেজির মতো হলেও এরা আকারে বেজির চেয়ে ছোট এবং গাছে গাছে ঘুরে বেড়ায়, ফলমূল খেয়ে জীবনযাপন করে। এরা একা চলে আবার দু-তিনটি একসঙ্গে থাকে। এ গাছ থেকে ঐ গাছে, এ ডাল থেকে ঐ ডালে কটকট শব্দ করে চলে। সমস্ত শরীর ঘন লোম দ্বারা আবৃত। এদের ধারালো নখ আছে এবং কান একটু বড় হয়। কাঠবিড়ালি বাস করে গাছের চূড়ায়, পাহাড়ের সুড়ঙ্গে। এরা সাধারণত কলা, কাঁঠাল, আম, বাদাম, গাছের বাকল, খেজুরের রস ও পাকামাকড় খায়।
দিন দিন পরিবেশ নষ্ট হওয়ায়, গাছপালা কমে যাওয়ায়, ফলদ উদ্ভিদ কমে আসায় কাঠবিড়ালির সংখ্যাও কমে যাচ্ছে। আগের মতো আর খুব বেশি চোখে পড়ে না। জীববৈচিত্র্য রক্ষায় ও পরিবেশের সৌন্দর্যে কাঠবিড়ালির গুরুত্ব রয়েছে। তাই কাঠবিড়ালির প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন।
কামরুজ্জামান