মেয়েদের ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট

তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে পড়ুয়া ও সদ্য স্নাতক বা কর্মরত মেয়েদের ক্যারিয়ার-বিষয়ক তথ্য পাওয়ার জন্য উন্মুক্ত করা হলো GWopportunities.org নামে একটি ওয়েবসাইট। বিদেশে পড়তে যাওয়া, বিশ্বের বিভিন্ন কনফারেন্স, বিভিন্ন ধরনের স্কলারশিপ, ইন্টার্নশিপ ও ফেলোশিপের তথ্য এখানে পাওয়া যাবে। থাকবে চাকরির খবরও।

ওয়েবসাইটের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউওয়াই সিস্টেম লিমিটেডের সিইও অ্যান্ড চেয়ারপারসন ফারহানা এ রহমান, ঊর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দীন ও শেভেনিং স্কলার রুহিনা তাসকিন।

জাফর ইকবাল বলেন, প্রযুক্তিগত দিক থেকে অন্য অনেক দেশের চেয়ে আমাদের দেশের মেয়েরা এগিয়ে আছেন। তাঁদের আরও বেশি সুযোগ দিতে পারলে আমরা আরও অনেক বেশি সফল মানুষের দেখা পাব।

শেভেনিং স্কলার রুহিনা তাসকিন বলেন, যেকোনো স্কলারশিপের জন্য পেছনে অনেক পরিশ্রম থাকে। নেটওয়ার্কিং বা এর মাধ্যমে তথ্য পাওয়া এবং সেই তথ্যকে কাজে লাগিয়ে জীবনের সুযোগ বের করা অনেক চ্যালেঞ্জ। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মেয়েদের তথ্যের প্রাপ্তি সহজ করা হয়েছে।

বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি ফারহানা এ রহমান বলেন, মেয়েদের বাঁধা থাকবে না এটা হতেই পারে না। একসময় তথ্য ছিল অন্যরকম একটি বড় বাঁধা। আজকের যুগে তথ্য প্রাপ্তি অনেক সহজ হয়ে গেছে। এই প্র্যাটফর্ম সেই সুযোগটিকে আরও এগিয়ে নিয়ে গেল।