করোনা মহামারিতে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর আবার সবকিছু স্বাভাবিকতা ফিরে পেয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় সব বিভাগের পরীক্ষা শুরু হলেও খুলে দেওয়া হয়নি হল। তাই শিক্ষার্থীদের বাধ্য হয়েই থাকতে হচ্ছে আবাসিক এলাকার মেস, ভাড়া বাসায় বা কটেজে। এতে শিক্ষার্থীদের দুর্ভোগের শেষ নেই। একদিকে পরীক্ষা অন্যদিকে আবাসনসংক্রান্ত নানান বিষয়ে মানসিক চাপ। তারপরও সবকিছু মানিয়ে তারা থাকছে। কিন্তু এতেও যেন নিস্তার নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বিদুত্ বিভ্রাট তাদের অতিষ্ঠ করে তুলেছে। প্রতি সপ্তাহে নিয়ম করে দু-একদিন লোডশেডিং হয়ই। প্রতি সপ্তাহের শুরুতে সকাল থেকে রাত পর্যন্ত বিদ্যুতের কোনো খোঁজ থাকে না। এর সঙ্গে দেখা দেয় পানির সংকট। এতে শিক্ষার্থীদের ওপর একধরনের মানসিক চাপ সৃষ্টি হয়। কথায় আছে না, ‘কইতেও পারে না সইতেও পারে না’ এমনই এক অবস্থা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বিদুত্ বিভ্রাট নিরসনে অতি দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
মির্জানা আফরিন
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
০