রাজধানীর মাতুয়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আবুল কাশেম (৬০)। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাতিজা মো. রুবেল হোসেন (৩২)। গতকাল সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেমের ভাতিজা রুবেল জানান, তার চাচা কাওরান বাজারে একটি চকলেট ফ্যাক্টরিতে কাজ করতেন। আর তিনি ঐ বাজারের মুদি দোকানদার। গতকাল দুপুরে তিনি মোটরসাইকেলে চাচাকে নিয়ে জমিসংক্রান্ত কাজে গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনাখালী গ্রামে যাচ্ছিলেন। পথে মাতুয়াইল এলাকায় এলে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা ছিটকে রাস্তায় পড়ে যান। এতে চাচা আবুল কাশেম গুরুতর আহত হন। তাত্ক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির প্রধান (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানার পুলিশকে অবহিত করা হয়েছে।
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার দোহারে সড়ক দুর্ঘটনায় মো. লোকমান (৫০) নামে এক মোটর মেকানিক নিহত হয়েছেন।
রবিবার রাতে উপজেলার রাইপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকমান নবাবগঞ্জ উপজেলার সাদাপুরের বাসিন্দা। তিনি বান্দুরা এলাকায় ভাড়া থাকতেন বলে জানা যায়।