তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগ চান জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ‘রাষ্ট্রধর্ম মানি না’ বলে সংবিধান সংরক্ষণের শপথ ভঙ্গ করেছেন। তার উচিত পদত্যাগ করা। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে মহাজোট সরকার রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখেছে। তাই আওয়ামী লীগের উচিত দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঐ প্রতিমন্ত্রীকে দল থেকে বহিষ্কার করা। প্রধানমন্ত্রী ইচ্ছা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। তিনি গতকাল সোমবার তার বনানী কার্যালয় মিলনায়তনে টাঙ্গাইল জেলা জাপার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। জি এম কাদের বলেন, ‘রাষ্ট্রধর্ম ইসলাম’- এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র দেশের মানুষ মেনে নেবে না। এরশাদকে কটূক্তি করে ঐ প্রতিমন্ত্রী জঘন্য কাজ করেছেন। জাপা চেয়ারম্যান বলেন, দুর্নীতি এখন নীতি ও স্বাভাবিক ব্যাপার হয়ে পড়েছে। কেউ দুর্নীতি না করলে, তাকে সবাই পাগল মনে করে।

সভায় তথ্য প্রতিমন্ত্রীর উদ্দেশে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, শক্তি থাকলে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করে দেখান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি ও অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, যুুগ্ম-মহাসচিব বেলাল হোসেন প্রমুখ।