রংপুর-ফেনীর এসপিসহ সাত কর্মকর্তাকে রদবদল

রংপুর ও ফেনীর পুলিশ সুপারসহ (এসপি) সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।

এই কর্মকর্তাদের মধ্যে রংপুর জেলার এসপি বিপ্লব কুমার সরকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি), পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. ফেরদৌস আলী চৌধুরীকে রংপুরের পুলিশ সুপার, ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীকে পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার বিজয় বসাককে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সঞ্জয় সরকারকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় ও পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. সোহেল রানাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।