বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আর্মড ফোর্সেস মেডিক্যাল ইনস্টিটিউট, ঢাকা সেনানিবাসে গতকাল সোমবার এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লে. জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। ডিরেক্টর জেনারেল অব মেডিক্যাল সার্ভিসেস, বাংলাদেশ আর্মড ফোর্সেস মেজর জেনারেল মাহবুবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিশিষ্ট বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লে. জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান তার বক্তব্যে সুন্দর ভবিষ্যত্ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে শারীরিক যত্নের পাশাপাশি মানসিক যত্নের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। সিএমএইচ ঢাকার কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল হাসান সিদ্দিকি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের মূল প্রতিপাদ্য ‘অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য’ এর উপর বক্তব্য রাখেন সভাপতি মেজর জেনারেল মাহবুবুর রহমান; জেনারেল অফিসার কমান্ডিং, লজিস্টিকস্ এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি এবং ঢাকা সিএমএইচ এর উপদেষ্টা মনোরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল এম কামরুল হাসান। আলোচনাসভার পূর্বে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। এর আগে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। -আইএসপিআর