খুলনায় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন

খুলনা অফিস

খুলনায় গ্রাম্য সার্ভেয়ার অশ্বিনী রায় হত্যা মামলায় প্রশান্ত বিশ্বাস ওরফে ঘেদোকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে। মঙ্গলবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামি প্রশান্ত বিশ্বাস পলাতক রয়েছেন। তিনি বটিয়াঘাটা উপজেলার বায়ারডাঙ্গা গ্রামের শশিপাড়া এলাকার সূর্যকান্ত বিশ্বাসের ছেলে। আদালত সূত্র জানায়, সার্ভেয়ার অশ্বিনী রায় একই এলাকার ঘেদোকে প্রায়ই টাকা ধার দিতেন। ধারের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে করে উভয়ের মধ্যে বিরোধ বাধে। এরই জেরে ২০১৩ সালের ২০ সেপ্টেম্বর অশ্বিনীকে হত্যা করে ঘেদো। এ ঘটনায় নিহতের ছেলে অজয় কুমার রায় বটিয়াঘাটা থানায় প্রশান্ত বিশ্বাস ওরফে ঘেদোকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।