সাম্প্রদায়িক অপশক্তি রুখে দিতে আহ্বান যুবসংহতি সভাপতির

 ইত্তেফাক রিপোর্ট

জাতির পার্টি-জেপির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও জাতীয় যুবসংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা দেশ ও জাতির শত্রু, তারা ধর্মেরও শত্রু। সাম্প্রদায়িক অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে তিনি জাতীয় যুবসংহতির সারা দেশের নেতা-কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীতে যুবসংহতির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান।

রুবেল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দেশে আর কেউ যেন সাম্প্রদায়িক হামলা চালানোর অপচেষ্টা করতে না পারে, সেজন্য যুবসংহতির প্রত্যেক নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।