ইত্তেফাক রিপোর্ট
হাইকোর্টে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার পর ঐ পদে শপথ নিয়েছেন ৯ বিচারপতি। গতকাল মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শপথগ্রহণকারী ৯ বিচারক হলেন—বিচারপতি মোহাম্মদ মাহবুব-উল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার, বিচারপতি এ কে এম জহিরুল হক ও বিচারপতি কাজী জিনাত হক।
সোমবার হাইকোর্টের ৯ অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ঐ নিয়োগের পরই আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, শপথের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে। এর আগে ২০১৯ সালের ২১ অক্টোবর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন এই ৯ বিচারপতি। দুই বছর ঐ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন শেষে সোমবার রাষ্ট্রপতি তাদেরকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেন।