কাল জিতলেই সুপার টুয়েলভে স্কটল্যান্ড

বাদ পাপুয়া নিউ গিনি

 স্পোর্টস ডেস্ক

বাংলাদেশকে হারিয়ে বড় বাধা আগেই পেরিয়েছিল স্কটল্যান্ড। তাই সুপার টুয়েলভে যাওয়ার রাস্তা তাদের জন্য খুব বেশি কঠিন নয়। গতকাল পাপুয়া নিউ গিনিকে (পিএনজি) ১৭ রানে হারিয়ে আরো সহজ করে ফেলেছে তারা। আগামীকাল প্রথম রাউন্ডের শেষ ম্যাচে স্বাগতিক ওমানকে হারালেই আর কোনো চিন্তা নেই কাইল কোয়েটজারের দলের।

অন্যদিকে প্রথম বিশ্বকাপটা সুখকর হলো না পিএনজির। আসরে টিকে থাকতে হলে আল আমিরাত মাঠে জয়ের বিকল্প ছিল না। কিন্তু স্কটল্যান্ডের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য পেরোতে গিয়ে ১৪৮ রানে অল আউট হয়ে গেলে প্রথম দল হিসেবে বাদ পড়ে আসাদ ভালারা। যদিও শেষ দিকে নাটকীয়তা তৈরির চেষ্টা করেছিলেন নরমান ভানুয়া। কিন্তু ৩৭ বলে ২ চার ও ২ ছয়ে ৪৭ রানে থামেন তিনি। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন জশ ডেভি।

এর আগে টস জিতে শুরুতেই দুই ওপেনারকে হারায় স্কটিশরা। তবে তৃতীয় উইকেটে দলের হাল ধরেন ম্যাথিউ ক্রস ও রিচি বেরিংটন। ৯২ রানের জুটিতে ক্রস ৪৭ করে ফিরে গেলেও বেরিংটন পূর্ণ করেন অর্ধশতক। চাদ সোপারের বলে আউট হওয়ার আগে খেলে যান ৪৯ বলে ৬ চার ও ৩ ছয়ে ৭০ রানের নান্দনিক ইনিংস। তাতে ভর করে ৯ উইকেটে ১৬৫ রান তুলে স্কটল্যান্ড। শেষ ১০ বলে ৫ উইকেট না হলে সংগ্রহ আরো বাড়াতে পারত তারা। পিএনজির হয়ে কাবুয়া মরিয়া চারটি ও সোপার ৩ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

স্কটল্যান্ড:২০ ওভার ১৬৫/৯ (বেরিংটন ৭০, ক্রস ৪৫, মানসি ১৫; মরিয়া ৪/৩১, সোপার ৩/২৪)।

পাপুয়া নিউ গিনি: ১৯.৩ ওভারে ১৪৪/১০ (ভানুয়া ৪৭, বাউ ২৪, ভালা ১৮; ডেভি ৪/১৮, ওয়াট ১/২৩)।

ফল: স্কটল্যান্ড ১৭ রানে জয়ী

ম্যাচ সেরা: রিচার্ড বেরিংটন।