সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় যারা জড়িত ‘তাদের অবশ্যই ধরতে হবে’ উল্লেখ করে তাদের বিরুদ্ধে ‘যত দ্রুত সম্ভব’ অ্যাকশন নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, যত দ্রুত সম্ভব অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে বলেছেন তিনি। প্রধানমন্ত্রী যত শিগিগর সম্ভব এ ঘটনার তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। কোনো তুচ্ছ ঘটনায় কেউ যাতে তাত্ক্ষণিক বিক্ষুব্ধ প্রতিক্রিয়া না দেখায়, এ জন্য জনসচেতনতা সৃষ্টি করতে ধর্মীয় এবং রাজনৈতিক ব্যক্তিদের প্রতিও তিনি আহ্বান জানান।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, কুমিল্লার ঘটনায় খুব শিগিগর কিছু খুঁজে পাওয়া যাবে। তিনি বলেন, ধর্ম অবমাননার বা ধ্বংসাত্মক কার্যকলাপ করতে ইসলাম কোনো মুসলমানকে ক্ষমতা দেয়নি। ইসলামে এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি বলেন, বিক্ষুব্ধরা প্রতিবাদ জানাতে পারে এবং ঘটনার সঙ্গে জড়িতদেরকে আইনের আওতায় নিয়ে আসতে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানাতে পারে। কোরআনের যদি অবমাননা হয়েও থাকে, তথাপি কোরআন অন্য ধর্মের লোকদের ওপর হামলা চালানোর কর্তৃত্ব কাউকে দেয়নি।
পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আইন : প্রশ্ন ফাঁসে জড়িত হলে বা করলে সর্বোচ্চ ১০ বছর ও সর্বনিম্ন তিন বছরের কারাদণ্ডের বিধান রেখে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আইনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাত্ক্ষণিকভাবে এ সাজা দিতে পারবে- আইনে সেই ক্ষমতাও দেওয়া হচ্ছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল বলেন, ১৯৭৭ সালের একটি অধ্যাদেশ দিয়ে পিএসসি চলে আসছে। একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়নের জন্য এর খসড়া পেশ করা হয়েছে।
জাকাত ব্যবস্থাপনায় নতুন আইন অনুমোদন :‘জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন, ২০২১’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব জানান, জাকাত তহবিলের অর্থ সরকারিভাবে সংগৃহীত হবে। প্রবাসী বাংলাদেশি, বিদেশি যে কোনো ব্যক্তি বা সংস্থা থেকে প্রাপ্ত অর্থ যে কোনো তপশিলি ব্যাংকের জাকাত ফান্ডে জমা দিয়ে জাকাত আদায় করতে পারবেন। আর একটি বোর্ড থাকবে। ধর্মমন্ত্রী বা প্রতিমন্ত্রী এই বোর্ডের চেয়ারম্যান হবেন।