ভিয়েতনামে দক্ষ যোদ্ধা হিসেবে কৃতিত্বের স্বাক্ষর রাখা এবং মার্কিন সেনাবাহিনীতে ৩৫ বছর অতিবাহিত করা কলিন লুথার পাওয়েলের মৃত্যুতে শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশসহ মার্কিন নেতারা। কলিন পাওয়েল রিপাবলিকান সরকারের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও ডেমোক্রেটিক পার্টির কাছেও তিনি ছিলেন প্রিয়ভাজন একজন মানুষ। গত সোমবার সকালে ৮৪ বছর বয়সি কলিন পাওয়েলের মৃত্যু হয়। তার মৃত্যুতে হোয়াইট হাউজ, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, পেন্টাগনসহ বিভিন্ন সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখা হয়। খবর এপি ও সিএনএনের
ডেমোক্র্যাটপন্থি প্রেসিডেন্ট জো বাইডেন তার শোকবার্তায় বলেছেন, যোদ্ধা ও কূটনীতিক হিসেবে কলিন পাওয়েল অত্যন্ত দক্ষতার স্বাক্ষর রেখেছেন। নিউ ইয়র্ক শহরে বেড়ে ওঠা কলিন পাওয়েলের শৈশবের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বাইডেন বলেন, কলিন পাওয়েল আমেরিকার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, কারণ তিনি এখানেই বাস করতেন। তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে দেশের ও মানুষের জন্য অনেক কিছু করে গেছেন। প্রেসিডেন্ট বাইডেন কলিন পাওয়েলকে ‘প্রিয় বন্ধু ও সত্যিকারের একজন চাকরিজীবী’ উল্লেখ করে বলেন, তিনি বহু বাধা ভেঙেছেন এবং দেশের নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছেন। বাইডেন আরো বলেন, বিশ্বে আমেরিকাকে শক্তিশালী করার পেছনে কলিন পাওয়েলের ভূমিকা ছিল অনস্বীকার্য।
প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের মৃত্যুতে প্রথম শোক জানান সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তিনি ও সাবেক ফার্স্ট লেডি লরা বুশ পাওয়েলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বুশ বলেন, পাওয়েল খুবই ভালো একজন সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি দেশে-বিদেশে জনপ্রিয় ব্যক্তি ছিলেন। বুশ তার শোকবার্তায় কলিন পাওয়েলকে পারিবারিক বন্ধু বলেও উল্লেখ করেন। সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি কলিন পাওয়েলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তার মতো একজন দক্ষ সরকারি কর্মকর্তার সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট কলিন পাওয়েলকে জ্ঞানী ও একজন প্রকৃত বন্ধু বলে আখ্যায়িত করেন।
পাওয়েলের উত্তরসূরি তথা সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্সা রাইস বলেন, চ্যালেঞ্জিং সময়ে কলিন পাওয়েল বিশ্বস্ততার স্বাক্ষর রেখেছেন। তার মতো বন্ধু ও সহকর্মী পাওয়া সত্যিই ভাগ্যের। বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক শোকবার্তায় বলেন, কলিন পাওয়েল পররাষ্ট্র মন্ত্রণালয়কে তার জীবনের সর্বোচ্চটা দিয়েছেন। তার নেতৃত্ব, অভিজ্ঞতা ও দেশপ্রেম তাকে স্মরণীয় করে রাখবে। প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, যে কোনো সংকটের মুহূর্তে কলিন পাওয়েলের কাছে ছুটে গেছেন তিনি। আর পাওয়েল সব সময়ই তাকে বিপদ থেকে উদ্ধারে সুন্দর পরামর্শ দিয়েছেন। কলিন পাওয়েল রিপাবলিকান দলের হলেও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামা, হিলারি ক্লিনটন ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে সমর্থন দিয়েছিলেন। তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন সমালোচক হিসেবেই পরিচিত ছিলেন।