পীরগঞ্জে দায় স্বীকার সেই তরুণের, ৩৮ জন জেলে

রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুই মামলায় ৩৮ আসামিকে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে আগের দিন গ্রেফতার হওয়া তরুণ পরিতোষ সরকার। অবিলম্বে এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ হয়েছে রংপুরে। এদিকে কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন পাওয়ার ঘটনা নিয়ে ফেসবুকে লাইভ প্রচারকারীকে রিমান্ডে নিয়েছে পুলিশ। ফেনীতে সংঘর্ষের ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গত ১৪ অক্টোবর রাতে চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ যুবক সাগর ঢাকা মেডিক্যালে চিকিত্সাধীন অস্থায় মারা গেছেন। এ নিয়ে ঐ সংঘর্ষের ঘটনায় পাঁচ জনের মৃত্যু হলো।

দায় স্বীকার তরুণের : রংপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, পীরগঞ্জে সহিংসতার ঘটনার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম অবমাননা করে উসকানিমূলক পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছে পরিতোষ সরকার (১৯)। সন্ধ্যায় জেলার পীরগঞ্জ আমলি আদালতের বিচারক ফজলে এলাহীর কাছে সে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। সোমবার রাতে জয়পুরহাট থেকে তাকে গ্রেফতার করে রংপুর জেলা পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

আদালত পরিদর্শক গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরেশ চন্দ্র সাংবাদিকদের জানান, এই সহিংসতার ঘটনায় অন্য একটি মামলায় একই দিনে আরো ৪১ জন আসামিকে আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক ৩৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকি তিন অপ্রাপ্ত বয়স্ক আসামির বিষয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো সিদ্ধান্ত  হয়নি।

গত রবিবার রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত হয় ৬০টি পরিবার। এ ঘটনায় পীরগঞ্জ থানায় পুলিশের পক্ষ থেকে দুটি মামলা হয়েছে। ফেসবুকে পোস্ট দেওয়া তরুণসহ এ ঘটনায় এখন পর্যন্ত  ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দিতে ১০০ বান্ডিল ঢেউটিন, গৃহনির্মাণ বাবদ ৩ লাখ টাকা এবং খাবারের ২০০ প্যাকেট বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে গতকাল বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার সনজিত্ কুমার ভাট্টি ও হিন্দু বৌদ্ধ কল্যাণ ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাবেক রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিক। তারা সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তার দাবি জানান। এছাড়া সকালে রংপুর প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পীরগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা সরকার দলীয় নেতাকর্মীদের আশ্রয়-প্রশয়ে হচ্ছে। তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হাজীগঞ্জে গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সাগরের (২৫)  মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ। জানা গেছে, পেশায় ট্রাকচালক সাগর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের খন্দকার এলাকার বাসিন্দা। থাকতেন হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোডসংলগ্ন এলাকায়।

সাগরের বাবা মো. মোবারক হোসেন জানান, গত ১৪ অক্টোবর রাতে হাজীগঞ্জ বাজারে হামলা ও সংঘর্ষের ঘটনায় তার ছেলে গুলিবিদ্ধ হয়। মা আমেনা বেগম বলেন, পাঁচ সন্তানের মধ্যে সাগর সবার ছোট। সম্প্রতি সে বিয়ে করেছে। তার একটি কন্যাসন্তান রয়েছে। ছেলে হত্যার বিচার চেয়েছেন মা-বাবা। এর আগে এ ঘটনায় আরো চার জন মারা যায়। ছয় মামলায় প্রায় ৩ হাজার ব্যক্তিকে আসামি করা হলেও পুলিশ মাত্র ১৫ জনকে আটক করেছে।

সেই ফয়েজ রিমান্ডে

কুমিল্লা প্রতিনিধি জানান, নগরীর নানুয়া দীঘির উত্তর পাড়ের একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় তাত্ক্ষণিকভাবে ফেসবুকে ধারা বিবরণী (লাইভ) প্রচারকারী মো. ফয়েজকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাহান উর্মি এ আদেশ দেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। এসব বিষয় নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি আনওয়ারুল আজিম জানান, জেলার বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৮ মামলায় ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

আদমদীঘিতে হিন্দুপাড়ায় খড়ের পালায় আগুন

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা জানান, উপজেলা সদরের হিন্দু পল্লী রামপুরা পালপাড়া গ্রামে কে বা কারা সোমবার দিবাগত রাত ৩টার দিকে দুটি খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। এতে গ্রামের হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গতকাল সকালে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়সহ অন্যরা। তারা বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস  দেন।

ফেনীতে ছয় জন গ্রেফতার

ফেনী প্রতিনিধি জানান, শনিবার রাতে শহরে সহিংসতা ও মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ও র?্যাব অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করেছে। সোমবার তাদেরকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন জানিয়েছে পুলিশ। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে একটি ও পুলিশের পক্ষ থেকে দুটিসহ মোট তিনটি মামলা করা হয়েছে ।

হাতিয়ায় ৯ মামলায় ১৫ জন গ্রেফতার

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা জানান, উপজেলায় গত ১৩ ও ১৪ অক্টোবর পূজামণ্ডপ ও মন্দিরে হামলা, ভাঙচুরের ঘটনায় গতকাল পর্যন্ত ৯ মামলায় ১৫ জনকে গ্রেফতার করা  হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।