যুক্তরাষ্ট্রের প্রয়াত সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল ছিলেন একজন মহান আমেরিকান, অগ্রপথিক ও অনুসরণীয় ব্যক্তিত্ব। যিনি আমেরিকান জনগণ ও দেশকে গভীরভাবে ভালোবাসতেন। কলিন পাওয়েলের মৃত্যুতে শোক জানিয়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এ কথা বলেছেন।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে মিলার বলেন, একজন মেরিন হিসেবে উপসাগরীয় যুদ্ধে প্রয়াত কলিন পাওয়েলের অসাধারণ সামরিক নেতৃত্বের অধীনে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে তার বর্ণাঢ্য রাষ্ট্রনায়কত্ব, আন্তরিকতা ও শিষ্টাচার থেকে একজন কূটনীতিক হিসেবে আমার শেখার সুযোগ হয়েছিল। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস পাওয়েল পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। এই শোকের সময় আমাদের জাতির সঙ্গে আমরাও সমবেথিত, পাশাপাশি জনসেবায় নিয়োজিত এমন এক অসাধারণ ব্যক্তিত্বের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।