সরকারি জমি দখল করে নির্মিত বহুতল ভবনের বর্ধিতাংশ ভেঙে জনসাধারণের জন্য রাস্তা উন্মুক্ত করলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। মঙ্গলবার (১৯ অক্টোবর) ডিএসসিসির নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ডেমরার ডগায় এলাকায় উচ্ছেদ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান।
ডিএসসিসি সূত্রে জানা যায়, ডগায় এলাকার রাস্তাটি জেলা প্রশাসনের নামে সরকারি খতিয়ানে অন্তর্ভুক্ত হলেও বর্তমানে সিটি করপোরেশনের আওতাভুক্ত। দীর্ঘদিন যাবত রাস্তাটি এক ব্যক্তির অবৈধ দখলে ছিল, যেখানে তার বাড়ির একাংশও ছিল। এর ফলে দীর্ঘদিন ধরেই চলাচলে বাধার মুখে পড়ছেন এলাকাবাসী।
এর আগে ডিএসসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়রের পরিকল্পনা অনুযায়ী সিটিকে আধুনিক ও সুন্দর বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে তারই একটি অংশ হল অবৈধ দখল মুক্ত করা। সেই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য দক্ষিণ সিটি করপোরেশন নিয়মিত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে থাকে।
এ বিষয়ে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান বলেন, সরকারি জায়গা নগরবাসীর ব্যবহারের জন্য উন্মুক্ত। তা কোনো একক ব্যক্তির জন্য নয়। মেয়রের সরাসরি নির্দেশ অনুযায়ী, ডিএসসিসির আওতাভুক্ত যে কোনো এলাকায় অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করা হবে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা ইত্তেফাককে অনলাইনকে জানান, এই রাস্তাটি দীর্ঘ ৬ বছর যাবত এক প্রভাবশালী ব্যক্তির দখলে ছিল। ডিএসসিসির এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে আমরা সাধুবাদ জানাই। একই সঙ্গে ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান তারা।
ইত্তেফাক/জেডএইচডি