উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীতে বিএনপির পাঁচ স্বতন্ত্র প্রার্থী

স্টাফ রিপোর্টার, রাজশাহী

বাছাইয়ের পর রাজশাহীর আট উপজেলার চেয়ারম্যান পদে ২১ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩২ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২০জন প্রার্থী রয়েছেন। কেউ আপিলে না টিকলে এটাই হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এদিকে জেলার আট উপজেলার মধ্যে ছয়টিতে দলীয় সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন একাধিক আওয়ামী লীগ নেতা। অন্যদিকে দল নির্বাচনে অংশ না নিতে না বললেও তিনটি উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বিএনপির নেতারা। এছাড়াও চারটি উপজেলায় জাতীয় পার্টি এবং দুটিতে ওয়ার্কার্স পার্টির প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলার ৯টি উপজেলার তফসিল ঘোষণা হলেও রাজশাহী সিটি করপোরেশনের সঙ্গে সীমানা জটিলতা নিয়ে একজন রিট আবেদন করায় পবা উপজেলার ভোট একবছরের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

জানা যায়, বাঘা উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মামুন। এছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির আরেক যুগ্ম আহবায়ক মখলেছুর রহমান মকুল ও নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা দলনেত্রী ফারহানা দিল আফরোজ।

বিএনপি ভোট বর্জনের মধ্যে জেলার বাগমারায় চেয়ারম্যার পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া। তিনি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের পদেও রয়েছেন। এছাড়াও পুঠিয়া উপজেলার চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি নেতা অ্যাডভোকেট মোখলেসুর রহমান। তিনি উপজেলার সাবেক চেয়ারম্যান এবং জেলা ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি পদে রয়েছেন।