খুলনায় মাদক মামলায় ট্রাক ড্রাইভারসহ দুজনের যাবজ্জীবন

খুলনায় মাদক মামলায় ট্রাক ড্রাইভারসহ দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ( ২১ অক্টোবর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো ঝিনাইদহ জেলার বাঘডাঙ্গা গ্রামের মৃত হারেজ বিশ্বাসের ছেলে মোস্তফা বিশ্বাস ও কোঁটচাদপুর গ্রামের দুলাল উদ্দিন দুলুর ছেলে জাহাঙ্গীর আলম। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৮ নভেম্বর রাতে খুলনা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা উপজেলার আলকা চৌদ্দমাইল এলাকায় একটি সার বোঝাই ট্রাক আটক করে। এ সময় ট্রাকের ড্রাইভার মোস্তফা ও হেলপার জাহাঙ্গীর আলমের  স্বীকারোক্তির ভিক্তিতে ট্রাকের কেবিনের ভেতর থেকে তিন বস্তা ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মুক্ত রায় চৌধুরী দুজনের বিরুদ্ধে ফুলতলা থানায় মামলা দায়ের করেন। ২০১৭ সালে ৪ জানুয়ারি জেলা গোয়েন্দা পুলিশের এসআই অর্জুন কুমার দাশ মোস্তফা ও জাহাঙ্গীরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট এনামুল হক।

ইত্তেফাক/এনই/এএইচপি