সিলেটে ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু, ৩ সদস্যের তদন্ত কমিটি

সিলেটের দক্ষিণ সুরমা কলেজের সামনে ছুরিকাঘাতে আরিফুল ইসলাম রাহাত (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটেছে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ৫ দিন কলেজে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কলেজে পরীক্ষা চলমান থাকবে।

পুলিশ ও কলেজ-সূত্রে জানা গেছে, নিহত রাহাত দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার বাসিন্দা। 

ওসি বলেন, দুপুরে দক্ষিণ সুরমা কলেজের অভ্যন্তরে কথা কাটাকাটির জেরে একই কলেজের সাবেক এক শিক্ষার্থী রাহাতের পায়ে ছুরি দিয়ে আঘাত করে। পরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িতদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে,  ঘটনার জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে। 

দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম বলেন, দুপুরে কলেজের মূল ফটকের ভেতরে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। তবে কলেজের মূল ফটকের সিসি ক্যামেরা নষ্ট থাকায় ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে, এখনই বলা যাচ্ছে না।

ইত্তেফাক/এনই/এএইচপি