ঝিনাইদহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসি খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসি খাতুন হরিণাকুন্ডু উপজেলার পারমথুরাপুর গ্রামের কাওছার আলির স্ত্রী। মৃতের খালা মিমি খাতুন জানান, পাঁচ দিন আগে হাসি খাতুনের জ্বর হয়। বাড়িতে দুই দিন চিকিত্সা নিয়েছে। দুই দিন আগে আরো অসুস্থ হয়ে পড়লে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার আরো অবনতি হলে বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ জানান, ঐ নারী ডেঙ্গুর উপসর্গ নিয়ে বুধবার দুপুরে সদর হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যায় চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সদর উপজেলার কালুহাটি গ্রামের ওমর আলির ছেলে উজ্জ্বল হোসেন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২২ জন। বর্তমানে দুই জন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। যারা স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে।