বাংলাদেশ খুব শিগিগরই স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বেরিয়ে যাবে। সেক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে আরো বেশি প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করতে হবে। এজন্য ইউএন টেকনোলজি ব্যাংকের সহায়তা প্রত্যাশা করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। ইউএন টেকনোলজি ব্যাংক ফর এলডিসির ব্যবস্থাপনা পরিচালক জশুয়া সেতিপার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সম্প্রতি ডিসিসিআইতে অনুষ্ঠিত সাক্ষাত্কালে এই আহ্বান জানান ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে প্রযুক্তি উত্কর্ষতা না থাকলে প্রতিযোগী সক্ষমতা অর্জন কঠিন হয়ে পড়বে। আর এতে এসএমই খাত সবচেয়ে বেশি হুমকির মুখে পড়তে পারে। জশুয়া সেতিপা বলেন, বাংলাদেশের এসএমই খাতে খাতভিত্তিক চাহিদা অনুযায়ী প্রযুক্তিগত সহায়তায় ও উত্কর্ষ বৃদ্ধিতে তাদের কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। ডব্লিউটিওর টেকনোলজি ট্রান্সফার প্ল্যাটফরমের অধীনে বাংলাদেশে ব্যবসায়ীদের প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংযোগ স্থাপনে তারা সহায়তা করবে। ইউএন টেকনোলজি ব্যাংকের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফিসার ইয়েসিম বেইকাল ও অরিয়েন্ট মুলোঙ্গো এ সময় উপস্থিত ছিলেন।