ডলারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ চায় চট্টগ্রাম চেম্বার

টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। গতকাল বৃহস্পতিবার এ আহ্বান জানিয়ে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে পত্র দিয়েছেন। এতে তিনি বলেন, সম্প্রতি মুদ্রাবাজারে টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। গত ১৮ অক্টোবর আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ৮৬ দশমিক ২০ টাকা পর্যন্ত। খোলাবাজারে ও নগদ মূল্যে ডলার বিক্রি হয়েছে ৮৯ দশমিক ৫০ টাকা পর্যন্ত। এই দাম আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আমদানি-রপ্তানি বাণিজ্যবিষয়ক লেনদেনের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ অবস্থা রক্ষা করার লক্ষ্যে ডলারের মূল্য সহনীয় ও যৌক্তিক পর্যায়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের আশু হস্তক্ষেপ একান্তই অপরিহার্য।