পুলিশের এসআই ও তার মা রিমান্ডে
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ফুলবাড়ীয়া উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে প্রতিবেশীকে হত্যা মামলার দুই আসামি পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ আলী ও তার স্ত্রী ফিরোজা বেগমকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত শনিবার রাতে উপজেলার মধ্য আন্ধারিয়াপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সাইদুর রহমান আসামিদের ময়মনসিংহের দুই নম্বর আমলী আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাফিজ আল আসাদ শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জামালপুর সদর থানার এসআই মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ গত শনিবার রাত ৯টার দিকে প্রতিবেশী সেলিমকে নিজের গরুর খামারে ডেকে এনে মুখে গামছা পেঁচিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। ঘটনা টের পেয়ে এলাকাবাসী সেলিমকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ীয়া উপজেলা হাসপাতালে নেন। পরে কর্তব্যরত চিকিত্সক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। রবিবার সকাল ৮টায় সেখানে চিকিত্সাধীন অবস্থায় মারা যান সেলিম।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কবীরুল ইসলাম জানান, সেলিমের মৃত্যুর দিন রবিবার বিকেলে তার স্ত্রী ফাতেমা বেগম শিউলী পাঁচজনের নামে মামলা করেন। আসামিরা হলেন, এসআই মোহাম্মদ আলী, তার মা ফিরোজা বেগম, ছেলে রিয়াদ এবং মোহাম্মদ আলীর সত্ ভাই মহব্বত ও ভাগ্নে ফরহান। মঙ্গলবার দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।